Posts

Showing posts from October, 2017
স্টেশন এই শেষ স্টেশন । এখান থেকে নেমে হেঁটে যেতে হবে নিম্নগামী শিরার মতো । ট্রেন কখনও আসেনা এখানে । রেলপথ পড়ে থাকে হতাশার বিষ খেয়ে । সিগন্যালে ঝোলে যুবতীর দেহ ।  আমি কাঁটাতার দিয়ে ইনকা সভ্যতা টানতে টানতে প্ল্যাটফর্ম ধরে হাঁটি । শীত নেমে আসে অন্ধরাতে । খ্রীষ্টের দিকে পিঠ করে বসে আছে যে আততায়ী , আমি গিয়ে বসি তার সম্মুখে । সে আমাকে এগিয়ে দেয় চল্লিশ বছরের ঝলসানো মাংসের টুকরো । একদিন বিমর্ষ স্রোতে হারিয়ে যাবে মানুষ । শুধু পাখিদের জন্যে জায়গা করে নেবে পৃথিবী । কুয়াশা-সংকেত ভুলে কেউ আর জন্ম নেবে না । বাতাস সাঁতরে সাঁতরে ক্রমাগত স্থির । একটি পৈশাচিকের পোশাক পরে শুরু হয় অন্বেষণ । অস্ত্রের মতো বিঁধে থাকে অসংখ্য মুখ । তার কোনও একটির মধ্যে লুকানো মৃত্যুর নজর । হুইসেল বাজিয়ে নিতে আসবে মৃতদেহ । —শুভদীপ নায়ক
ক্ষুধার্ত মৃত্যুর কবিতা   ৩  শুভদীপ নায়ক এ মৃত্যু নীহারিকার মতো । চণ্ডালের মতো । লকলকে বীভৎস জিভ বাড়িয়ে দিচ্ছে নষ্ট প্রেমিকার দিকে । ছায়ার ভিতরে জীবাণুর সহবাস । সহবাসের ভিতরে শ্যাওলা রঙের রাত্রি । রাত্রি লুকিয়ে রাখে জনপদের সত্য । বিপন্ন মুহূর্তে একটা শুঁয়োপোকা গুটিয়ে নেয় নিজেকে । দিনরাত মুছে ফ্যালে দ্রাক্ষাফলের রক্ত । কেটে ফ্যালে টিউমার । পলাতক প্রতিটি রাতের ছুরি । বামহস্ত । এবং দু-পায়ের উপড়ানো নখ । মৃত্যু আসলে দেওয়ালে টাঙানো ন্যাংটো ছবি । উচ্ছ্বাস স্রোতের জল । স্ট্রিমলাইন শরীর । ইতর আতরগন্ধ মাখা ঠোঁটের তৃষ্ণা । পাতার শিরাবিন্যাস । স্বতন্ত্র শরীর ছেড়ে । মৃত্যু কেমন ধারালো অস্ত্রের মতো বুনে চলে অশ্লীল কোপ । মরণ চুম্বনে । মরণ তুষপোড়া আগুনে । কুমীরের চোয়ালে অতিনগ্ন স্তন যে যুবতীর । মৃত্যু সেখানেও ।