স্টেশন



এই শেষ স্টেশন । এখান থেকে নেমে হেঁটে যেতে হবে নিম্নগামী শিরার মতো । ট্রেন কখনও আসেনা এখানে । রেলপথ পড়ে থাকে হতাশার বিষ খেয়ে । সিগন্যালে ঝোলে যুবতীর দেহ । 




আমি কাঁটাতার দিয়ে ইনকা সভ্যতা টানতে টানতে প্ল্যাটফর্ম ধরে হাঁটি । শীত নেমে আসে অন্ধরাতে । খ্রীষ্টের দিকে পিঠ করে বসে আছে যে আততায়ী , আমি গিয়ে বসি তার সম্মুখে । সে আমাকে এগিয়ে দেয় চল্লিশ বছরের ঝলসানো মাংসের টুকরো ।



একদিন বিমর্ষ স্রোতে হারিয়ে যাবে মানুষ । শুধু পাখিদের জন্যে জায়গা করে নেবে পৃথিবী । কুয়াশা-সংকেত ভুলে কেউ আর জন্ম নেবে না ।



বাতাস সাঁতরে সাঁতরে ক্রমাগত স্থির । একটি পৈশাচিকের পোশাক পরে শুরু হয় অন্বেষণ । অস্ত্রের মতো বিঁধে থাকে অসংখ্য মুখ । তার কোনও একটির মধ্যে লুকানো মৃত্যুর নজর । হুইসেল বাজিয়ে নিতে আসবে মৃতদেহ ।



—শুভদীপ নায়ক


Comments

Popular posts from this blog